মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, তার মস্তিষ্কে জটিল একটি অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। ব্রেনস্টেমে আটকে থাকা গুলির একটি অংশ অপসারণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

হাদির সঙ্গে বর্তমানে তার দুই ভাই সিঙ্গাপুরে অবস্থান করছেন। পরিবারের আরও একজন সদস্য আজ রাতেই সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখার সুযোগ পান তার বড় ভাই ওমর বিন হাদি। পরে তিনি  হাদির শারীরিক অবস্থার কথা জানান।

ঢাকায় হাদির চিকিৎসায় যুক্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ গত রাতে জানান, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল এবং তার শরীরে সংক্রমণও ছড়িয়ে পড়েছে। এসব জটিলতার কারণে বুধবার রাতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় পৌঁছান।

এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে বুধবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও হাদির অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে দায়িত্বশীল উপদেষ্টারা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে। তিনি হাদির পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা এবং করণীয় নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। পাশাপাশি হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সর্বশেষ অগ্রগতির বিষয়েও উপদেষ্টাদের অবহিত করা হয়।