বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, হৃদরোগ সম্পর্কে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই পারে আমাদের সুস্থ থাকতে সাহায্য করতে। সময়মতো চিকিৎসা ও সঠিক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে হৃদরোগে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়।

\r\n

শুক্রবার (৩০ মে) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়ার দত্তবাড়ী অ্যাজমা কেয়ার সেন্টারে আয়োজিত এক বিশেষ চিকিৎসা ও সচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তবে অনুষ্ঠানে তাঁর পক্ষে বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (পিজি হাসপাতাল) সহকারী অধ্যাপক ডা. আ.ন.ম মনোয়ারুল কাদের বিটু।

\r\n

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ আয়োজনে হৃদরোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রতিরোধমূলক পরামর্শ প্রদান করা হয়। একইসঙ্গে ডা. জুবাইদা রহমানের লেখা একটি হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা বিতরণ করা হয়।

\r\n

এর আগে সকাল সাড়ে ৭টায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাববাড়ী সড়কের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতাকর্মীরা।

\r\n

সকাল ১০টায় চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. মওদুদ হোসেন, ডা. আজফারুল হাবিব, কেন্দ্রীয় নেতা ভিপি সাইফুল ইসলামসহ আরও অনেকে।

\r\n

বাদ জুমা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেলে অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন আয়োজন সম্পন্ন হয়।

\r\n

ছাত্রদলের পক্ষ থেকে খান্দার এলাকার একটি মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ অন্যান্য নেতারা।

\r\n

বগুড়ার কর্মসূচিগুলোতে অংশ নিয়ে বিএনপি নেতারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও কর্মকে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।