কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখা।
রোববার সকাল ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেক। প্রধান অতিথি ছিলেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. এম এম মাসুম হাসান।
সভায় অভিযোগ করা হয়, ১০১ টাকার একটি ইনজেকশন ১৩০১ টাকায় কেনা হয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধে কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত দাবি করেন বক্তারা।
ড্যাব কুমিল্লার সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান মজুমদার বলেন, “ক্রয়ে ব্যাপক অনিয়ম হচ্ছে। আমরা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার রয়েছি। ক্যাম্পাসে কোনো ধরনের দুর্নীতি চলবে না।”
কুমিল্লা মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আরিফ হায়দার বলেন, “চিকিৎসক সিন্ডিকেটের অনিয়মের কারণে অসহায় রোগীরা বঞ্চিত হয়। অনেক সময় হাসপাতালে বেসিক ওষুধের সংকট দেখা দেয়। এ ধরনের দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।”
সভাপতির বক্তব্যে ডা. মিনহাজুর রহমান তারেক বলেন, কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফান্ড রাইজের নামে অর্থ সংগ্রহের বিরুদ্ধেও তিনি সতর্ক করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন ডা. সফিকুর রহমান, ডা. মাসুম ইমরান, ডা. নাসিম রেজা, ডা. এনামুল হক, সহযোগী অধ্যাপক ফারহানা বেগম রুমা, ডা. গোলাম মাহবুব শিকদার, সহযোগী অধ্যাপক কামরুজ্জামান খোকনসহ অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ বলেন, “এগুলো সত্য নয়। আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।”





