দেশের বিভিন্ন অঞ্চলে কিছু গ্রাহকের মোবাইল ফোনের নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।


সংগঠনটি জানায়, আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিরেজিস্ট্রেশনবিহীন সিম ব্যবহারকারীদের ক্ষেত্রে কিছু মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।


অ্যামটবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এনইআইআর পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রমের কারণেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। যেসব গ্রাহক নিবন্ধনহীন হ্যান্ডসেটে সিম ব্যবহার করছেন, তাদের সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।


তবে পরীক্ষামূলক এ কার্যক্রম শেষ হলে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় সচল হয়ে যাবে বলে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।