১৭ বছর পর ২৭তম বিসিএসের নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশনা দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
এছাড়া, ২০২৪ সালের ৭ নভেম্বর ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের পক্ষে করা আপিল শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগেই আদেশ দেয়। পরে এ বিষয়ে রিভিউ আবেদন শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন।
২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে। অন্যদিকে, ২০০৯ সালের ১১ নভেম্বর হাইকোর্টের অপর একটি বেঞ্চ দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন। প্রথম রায়ের বিরুদ্ধে ২৫ জন নিয়োগবঞ্চিত ব্যক্তির পক্ষ থেকে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়, আর দ্বিতীয় রায়ের বিরুদ্ধে সরকার তিনটি লিভ টু আপিল করে। ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ সরকারী লিভ টু আপিল নিষ্পত্তি করে।
২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। পরে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের পর ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩,২২৯ জন উত্তীর্ণ হন এবং তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়।





