নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর মক ভোটের আয়োজন করা হবে। তিনি জানান, প্রবাসিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনের সঙ্গে সঙ্গে গণভোটেও অংশ নিতে পারবেন।


মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব। তিনি বলেন, মক ভোটিংয়ে দেখা যাবে ভোট আয়োজনের ক্ষেত্রে আরও কী কী প্রয়োজন। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যেই সরবরাহ করা হচ্ছে, যাতে শেষ মুহূর্তে কোনো সমস্যা না হয়।


ইসি সচিব জানান, ভোটার তালিকার প্রিভিউ চলছে এবং ডিসেম্বরের ৫ তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হবে। এছাড়া ভোটকেন্দ্র বা বুথ বাড়ানো প্রয়োজন হবে কি না, তা যাচাই করা হচ্ছে।


এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, গণভোট আইন অধ্যাদেশ শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে। তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ইতোমধ্যেই এই আইন চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে। গেজেট প্রকাশের এক থেকে দুই দিনের মধ্যে এ আইন কার্যকর হবে।


আইন উপদেষ্টা আরও জানান, গণভোটের জন্য আলাদা রঙের ব্যালট ব্যবহার করা হবে। কোনো কেন্দ্রে জাতীয় নির্বাচনের ভোট না হলেও, অবশিষ্ট ভোট থাকলে গণভোট অনুষ্ঠিত হলে তা কমিশন বিবেচনা করবে। গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে সমান্তরাল সময়ে অনুষ্ঠিত হবে।