ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে পরিচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

\r\n

পুলিশ সূত্র জানায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তাহরিমা জান্নাত সুরভীই ওই চক্রের নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

\r\n

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই চক্রটি ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।

\r\n

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় আসামি বানানোর ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের আশঙ্কা দেখিয়ে পরে ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়।

\r\n

গ্রেপ্তার তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

\r\n

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে লাইভ সম্প্রচারের কারণে তিনি আগেও আলোচনায় ছিলেন। অভিযোগ রয়েছে, নিজের পরিচিতি ও অনলাইন প্রভাব কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন এবং পরে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।