রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার নবম দিনের আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনার সূচনা হয়।


আলোচনায় সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। সূচনা বক্তব্যে তিনি বলেন, “৫৩ বছরে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। অনেক অন্যায়, অত্যাচার ও নিপীড়নের মধ্য দিয়ে এ সুযোগটা আমরা পেয়েছি। এটি হেলায় হারানো যাবে না।”


তিনি আরও বলেন, “আমরা যে পরিস্থিতি অতিক্রম করে আজকের এই পর্যায়ে এসেছি, তা আমাদের সবারই স্মরণে রাখা উচিত। হাজারো মানুষের আত্মত্যাগই হোক আমাদের পথনির্দেশক।”


আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।


এদিনের আলোচনায় অংশ নেয় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি, যার মধ্যে রয়েছে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ (এবি) পার্টি।


জুলাই সনদ তৈরির লক্ষ্যে এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সংশ্লিষ্টরা।