রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নিরাপত্তা বেষ্টনায় ক্যাম্পাস ত্যাগ করেছেন সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে কড়া পুলিশ পাহারায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে বের হয় তাদের গাড়িবহর। পরে দিয়াবাড়ী সংলগ্ন মেট্রোরেল ডিপোর পাশ দিয়ে গাড়িগুলো এলাকা ত্যাগ করে।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে ওই দুই উপদেষ্টা কলেজে পৌঁছান। তারা দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। এ সময় বাইরে উপস্থিত শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তাদের ঘিরে ফেলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপদেষ্টারা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় একটি কনফারেন্স রুমে আশ্রয় নেন। এটি কলেজ উপাধ্যক্ষের কক্ষসংলগ্ন।
পরে আলোচনার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে ৫-৭ জন প্রতিনিধিকে কক্ষে ডাকা হয়। এই খবর মুহূর্তেই ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। কয়েক হাজার শিক্ষার্থী ভবন ঘিরে বিক্ষোভ শুরু করেন।
একবার কলেজ ত্যাগ করলেও বিকেল পৌনে চারটার দিকে দিয়াবাড়ী মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে উপদেষ্টাদের গাড়িবহর আবারও কলেজে ফিরে আসে। বিকাল ৫টা ৫২ মিনিটে তারা পুনরায় ৫ নম্বর ভবনে আশ্রয় নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সন্ধ্যায় তারা নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করেন।






