মহানগর পুলিশে (ডিএমপি) ওসি হিসেবে দায়িত্ব পালন করা নয়জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)কে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ বিষয়ে পৃথক নয়টি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার বিধান অনুসারে জনস্বার্থে এই কর্মকর্তাদের অবসর দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে পাঠানো কর্মকর্তারা নিয়ম অনুযায়ী সব অবসরজনিত সুবিধা পাবেন। আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
অবসরে যাওয়া নয় পুলিশ কর্মকর্তার নাম নিচে তুলে ধরা হলো:
মো. কামাল হোসেন – যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ি, নৌ-পুলিশ, নুরুল ইসলাম – পুলিশ পরিদর্শক, সিআইডি, মৌলভীবাজার, আবু বকর সিদ্দিক – পুলিশ পরিদর্শক, মধুপুর সার্কেল, টাঙ্গাইল, মামুন অর রশিদ – পুলিশ পরিদর্শক, ট্যুরিস্ট পুলিশ, মুন্সিগঞ্জ ও পদ্মা সেতু জোন, এস এম কামরুজ্জামান – পুলিশ পরিদর্শক, রিজার্ভ অফিস, নারায়ণগঞ্জ, আব্দুল কুদ্দুস ফকির – পুলিশ পরিদর্শক, সিআইডি, নরসিংদী, শিকদার মো. শামীম হোসেন – পুলিশ পরিদর্শক, এপিবিএন-৪, বগুড়া, আব্দুল লতিফ – পুলিশ পরিদর্শক, কন্ট্রোল রুম, সিআইডি, মো. সেলিমুজ্জামান – পুলিশ পরিদর্শক, কুলাউড়া রেলওয়ে থানা
এতদিন দায়িত্ব পালন করে আসা এসব কর্মকর্তাকে হঠাৎ জনস্বার্থে অবসরে পাঠানো নিয়ে প্রশাসন ও পুলিশ বিভাগে নানা আলোচনা চলছে।





