বর্তমান সভ্যতাকে আত্মবিনাশী আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এই সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে, যা একসময় আমাদের ধ্বংস ডেকে আনবে।”
\r\nবৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে আয়োজিত ‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এই অধিবেশনে তিনি তার 'থ্রি জিরো' তত্ত্ব—শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব—নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
\r\nসেমিনার শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন ড. ইউনূস। এসময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
\r\nএর আগে বুধবার রাতে কাতারের রাজধানী দোহায় শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন ড. ইউনূস। বৈঠকে তিনি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, “বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে এবং আমরা সব ধরনের বৈদেশিক বিনিয়োগকে স্বাগত জানাই।”
\r\nবৈঠকে অংশগ্রহণ করেন মালদ্বীপের সাবেক উপপ্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবার ও সাবেক মন্ত্রী, কাতারের রাজপরিবারের সদস্য, প্রখ্যাত ব্যাংকারসহ ধনী প্রবাসী বাংলাদেশিরা। বিনিয়োগকারীরা উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং এবং পর্যটন—বিশেষ করে কক্সবাজারের রিসোর্ট জোনে বিনিয়োগে আগ্রহ দেখান।
\r\nপ্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান।







