ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিনাকে শুভেচ্ছা জানানোর পর থেকেই তাকে “দালাল” আখ্যা দিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা।

শুধু সাধারণ নেটিজেনই নয়, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ অনেকে ফেসবুকে সাকিবের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন।

শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ ফেসবুকে লিখেছেন, “মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে; তারপর মনে পড়ে আপনার তিনটি বাচ্চা আছে, যাদের এখানে কোনো দোষ নেই। আমার মা যা দেখেছেন, তিনি তা সহ্য করেছেন—আমি চাই না আপনার সন্তানের মা তা দেখে ও সহ্য করুক। কিন্তু মন থেকে চাই জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাঁই হোক তোমার।”

একইভাবে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী লিখেছেন, “সুশীলরা আস্তে আস্তে তাকে (সাকিব) মাফ করে দিচ্ছিল—যে কিই-বা করার ছিল, তার ক্যারিয়ার নষ্ট করবে নাকি সে? ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব আলাদা—এমন যুক্তিও হচ্ছিল। কিন্তু এই সাকিবই আবার যখন একটা গণহত্যাকারী খুনির জন্মদিনে ‘আপা’ সম্বোধন করে শুভেচ্ছা জানায়, তখন সবার কাছে পরিষ্কার হয়ে যায় কার ভূমিকা কোথায়, কে কতখানি দালাল।”