জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সরকারের বিপুল অর্থ ব্যয়ের সমালোচনা করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি প্রশ্ন তোলেন, একটি অনিবন্ধিত রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচের যৌক্তিকতা কোথায়?
শনিবার (১৯ জুলাই) এক ফেসবুক লাইভে মাসুদ কামাল বলেন, “রাষ্ট্রপতি ঢাকার বাইরে কোথাও গেলে প্রতি ঘণ্টায় প্রায় ৭২ লাখ টাকা, আর প্রধানমন্ত্রী গেলে ৮১ লাখ টাকা খরচ হয়। কিন্তু এনসিপির এই কর্মসূচিতে রাষ্ট্রপতির সফরের চেয়েও বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি সাঁজোয়া যানও ব্যবহার করা হয়েছে, যা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সফরেও সাধারণত দেখা যায় না।”
তিনি দাবি করেন, কর্মসূচি ঘিরে একজন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে জানিয়েছেন, পুরো আয়োজন ঘিরে সরকারের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি টাকা।
এনসিপি নেতার বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন মাসুদ কামাল। তিনি বলেন, “তিনি বলেছেন, মুজিবের জন্মভূমিতে গিয়ে ‘মুজিববাদ মুর্দাবাদ’ বলেছেন। এতে জাতির কী লাভ হয়েছে? দেশের মানুষের ভয় বেড়েছে, আতঙ্ক বেড়েছে—সম্মান নয়।”
তবে মাসুদ কামাল বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা স্বীকার করে বলেন, “আমি চাই এনসিপি সাধারণ মানুষের আস্থা অর্জন করুক। তরুণরা যেন ভালো কিছু করে, সেটিই আমাদের প্রত্যাশা। কিন্তু হিংসা, উসকানি বা আতঙ্ক দিয়ে সেই সম্ভাবনা নিজেরাই নষ্ট করবেন না।”
তিনি আহ্বান জানান, “মানুষকে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে। গণমানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই হচ্ছে একটি দায়িত্বশীল রাজনৈতিক শক্তির আসল পরীক্ষা।”






