বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্চ কমিটির সাবেক আহ্বায়ক আল আমিন রাকিব তনয় সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে প্রকাশ্যে কড়া সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, মাহফুজ আলম একজন উপদেষ্টা হিসেবে প্রায় ব্যর্থ এবং তিনি বন্ধুত্ব নয়, বরং দাসসুলভ আনুগত্য প্রত্যাশা করেন।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তনয়, যিনি বিইউপির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক।

তনয় লেখেন, মাহফুজ আলম তার সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে ‘If you care to join me, you are welcome’ লিখলেও বাস্তব চিত্র ভিন্ন। তার ভাষায়, “বেশিরভাগ ক্ষেত্রেই you are not welcome at all।” তিনি বলেন, মাহফুজের সঙ্গে বন্ধুত্ব বা রাজনৈতিক সহযোগী হিসেবে কাজ করা প্রায় অসম্ভব, কারণ তিনি এমন মানুষ চান যারা তার কথামতো চলবে।

পোস্টে তনয় উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় জীবনে মাহফুজ আলম তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তার জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শিতার প্রতি তিনি সম্মান রাখেন। দীর্ঘদিনের একসঙ্গে চলা ও ব্যক্তিগত কৃতজ্ঞতার কথাও তিনি স্মরণ করেন। তবে সময়ের ব্যবধানে সেই সম্পর্ক এখন ‘সাবেক বন্ধুত্বে’ পরিণত হয়েছে বলে জানান।

তিনি আরও বলেন, মাহফুজ আলমের কারণেই ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে তার পদত্যাগের দিন পর্যন্ত কোনো না কোনোভাবে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

সমালোচনার ব্যাখ্যায় তনয় বলেন, এটি ব্যক্তিগত আক্রোশ বা হিংসা থেকে করা নয়। বরং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্চ কমিটির সাবেক আহ্বায়ক হিসেবে একজন সাবেক উপদেষ্টার কার্যক্রম নিয়ে দায়িত্ববোধ থেকেই তিনি মতামত দিচ্ছেন। তিনি জানান, মাহফুজ আলম নিজে কাজের বিবরণ দিলেও মন্ত্রণালয়ে কী করা দরকার ছিল, কী করা হয়েছে এবং কী করা হয়নি—তা তিনি পরবর্তী সময়ে বিস্তারিতভাবে তুলে ধরবেন।