সিন্ডিকেট করে প্রতিটি হজযাত্রীর কাছ থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত আদায় করে তা ভাগ করে নেওয়ার ঘোষণা দিয়েছেন আসন্ন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নির্বাচনে প্যানেলপ্রধান সৈয়দ গোলাম সরোয়ার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) হাব নির্বাচনের এক নির্বাচনী সমাবেশে তিনি প্রকাশ্যে এই মন্তব্য করেন।
গোলাম সরোয়ার বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, তাহলে প্রতিটি হজযাত্রীর কাছ থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত নেওয়া হবে এবং তা আমরা ভাগ করে নেব।’
তার এই মন্তব্য হাব সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এ বিষয়ে হাব সদস্যরা বলেন, হজযাত্রীদের সেবা করা শুধু ব্যবসা নয়, এটি একটি ধর্মীয় দায়িত্বও। অথচ গোলাম সরোয়ার সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়ের ঘোষণা দিয়েছেন, যা মেনে নেওয়া যায় না। সাধারণ হজ এজেন্সির মালিকরা এই অনৈতিক কর্মকাণ্ড হতে দেবে না।
হাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাব সব সময় সিন্ডিকেটমুক্ত ছিল। গোলাম সরোয়ারের এই ঘোষণার আমরা তীব্র নিন্দা জানাই। হজযাত্রীদের সঙ্গে এই ধরনের অন্যায় আল্লাহও সহ্য করবেন না।’
হাবের সাবেক সহসভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, ‘আমরা এই পরিকল্পনার ঘোর বিরোধী এবং এটি বাস্তবায়ন হতে দেব না।’
সিন্দবাদ ট্যুরসের মালিক আলহাজ জামাল হোসেন বলেন, ‘বাংলাদেশের হজ ব্যবস্থাপনা এতদিন সিন্ডিকেটমুক্ত ছিল। গোলাম সরোয়ারের এই সিন্ডিকেটের ঘোষণায় আমি হতবাক। তিনি অতীতেও সৌদি ভিজিট ভিসা ও মালয়েশিয়ার ক্ষেত্রে সিন্ডিকেট করেছেন।’
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি হাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।






