শোকজ নোটিশের মাধ্যমে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো চার সাংবাদিককে দীর্ঘদিন ধরে কর্মস্থলে ফিরতে না দেওয়ার প্রতিবাদে রাজধানীর ওয়ারীতে অবস্থিত এখন টিভি কার্যালয়ের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাদার সাংবাদিক ও সংবাদকর্মীরা সংহতি জানিয়ে অংশ নেন। এ সময় তারা চার সাংবাদিককে দ্রুত পুনর্বহালের দাবি জানান।
এর আগে গত ১১ মে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আজ এই অবরোধ কর্মসূচি পালিত হয়।
পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাসের পর কর্মসূচি আপাতত মুলতবি ঘোষণা করা হয়। জানা গেছে, চার সাংবাদিকের পুনর্বহাল বিষয়ে আজ রাতেই সাংবাদিক নেতাদের সঙ্গে সিটি গ্রুপের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, “মালিকপক্ষের আশ্বাসে আমরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছি। সিটি গ্রুপ আমাদেরকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছে। আমরা আজ রাতে সিটি গ্রুপের সঙ্গে আলোচনায় বসবো। আলোচনা ফলপ্রসূ না হলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন, “তুষার আব্দুল্লাহ নাকি সাংবাদিক নেতাদের কিনতে চায়। উনার কত টাকা হয়েছে যে, উনি আমাদের কিনতে চায়। সাংবাদিক নেতাদের কেনা এতো সহজ নয়।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, চার সাংবাদিককে যে কোনো মূল্যে চাকরিতে ফিরিয়ে নিতে হবে এবং কোনো ধরনের টালবাহানা চলবে না।
উল্লেখ্য,গত ১৭ ফেব্রুয়ারি এখন টিভির অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি মাহমুদ রাকিব, বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভ, ডেপুটি অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও সিনিয়র রিপোর্টার বেলায়েত হোসাইন এবং সিনিয়র রিপোর্টার আজাহার লিমনকে শোকজ দিয়ে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। প্রায় তিন মাস পার হলেও এখনো তাদের কর্মস্থলে ফিরতে দেওয়া হয়নি। বিষয়টি ঘিরে সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।








