জাকাত নিয়ে বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অবমাননাকর’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজে সাম্য ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পবিত্র বিধান নিয়ে কটুক্তি বা বিদ্রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কখনোই ধর্মীয় বিশ্বাস বা ইবাদতকে অবমাননার সুযোগ দেয় না। এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি ও অশান্তি সৃষ্টি করতে পারে।
বিবৃতিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ধর্মীয় বিষয়ে কথা বলার সময় সংযম, শ্রদ্ধা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়, যাতে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে।
উল্লেখ্য, এর আগে একই ইস্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও খতমে নবুওয়তও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।





