সপ্তাহের শুরু থেকেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে ভারি বৃষ্টি। মঙ্গলবার রাত থেকেই আকাশ ছিল ঘন মেঘে ঢাকা, আর বুধবার ভোর হতেই নামে হালকা বৃষ্টি, যা দ্রুতই রূপ নেয় মুষলধারে বর্ষণে। এতে একদিকে গরম থেকে মিলেছে সাময়িক স্বস্তি, অন্যদিকে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।
ভোর সাড়ে ৬টার আগেই শুরু হওয়া বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দিনমজুররা। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে ভিজে পড়েন, আবার আশ্রয়ের জন্য দাঁড়াতে হয় দোকানপাট বা ভবনের নিচে। ছাতা থাকলেও অনেকের পা, পোশাক ও জুতা ভিজে যাওয়ায় অস্বস্তি বাড়ে।
ভারী বৃষ্টির কারণে সড়কে যানবাহনের গতি কমে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটেরও সৃষ্টি হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলে দমকা হাওয়া ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি।
ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, অন্তত দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম। দেশের উত্তর, মধ্যাঞ্চল ও উপকূলীয় এলাকায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।





